জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদীদের গণহত্যা থেকে শিশুরাও রেহাই পায়নি। ছাত্রদের আন্দোলন দমাতে ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এতে শিশু থেকে শুরু করে আবাল-বৃদ্ধা-বনিতা কেউ রেহাই পায়নি। পরে আওয়ামী লীগের ভয়াবহ নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে শিশুরাও রাজপথে নেমে এসেছিল।’
বৃহস্পতিবার (৩ জুলাই) বাদ জোহর নগরীর বাগবাড়ীস্থ সরকারি এতিমখানায় (ছোটমনি নিবাস) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, ‘একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র-জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে ও আহত হয়েছে। তাদের সেই স্বপ্নকে নস্যাৎ করতে দেয়া হবে না। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের মধ্য দিয়েই জুলাই বিপ্লবীদের রক্তের বদলা নেয়া হবে। গণহত্যাকারীদের কোনো ক্ষমা নেই।’
জামায়াতের কেন্দ্রঘোষিত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে টানা ৩৯ দিনের কর্মসূচির অংশ হিসেবে ইয়াতিম খানায় এ খাবার বিতরণ করা হয়।
সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুর রফিক, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, মহানগর জামায়াত নেতা ক্বারী মাওলানা আলাউদ্দিন ও আব্দুল্লাহ আল মাহমুদ।
এ সময় বাগবাড়ী সরকারি এতিমখানা (ছোটমনি নিবাস) ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।