গাজীপুরে ইসরাইলবিরোধী প্রতিবাদ মিছিলের সুজোগে বাটা শোরুমসহ কয়েকটি দোকান ভাঙচুর করে দুর্বত্তরা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মহানগরের বোর্ডবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দেশকে অস্থিতিশীল করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিত এ নাশকতা।
মঙ্গলবার (৮ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতাররা হলেন নোয়াখালী জেলার সবুজের ছেলে সিয়াম খান অনিক (১৮), ময়মনসিংহ জেলার নতুন বাজার বালিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে শিমুল আহাম্মেদ শাওন (২০), শরিয়তপুরের নাজিমুদ্দিন মোল্লারকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন (১৯) ও গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন (২১)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো: রাশেদ জানান, গতকাল (সোমবার) দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ইসরাইলি আগ্রাসনবিরোধী মিছিল বের হয়। ওই মিছিলের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা পূর্বপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর, লুটপাট ও ক্ষতিসাধন করে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, পরবর্তীতে এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে থানা পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিত প্রচেষ্টায় ওই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গাছা থানায় মামলা করা হয়েছে। এছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত, উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্ত ও তাদের গ্রেফতারের চেষ্টা চলামান।