বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সা:কে নিয়ে কটূক্তির অভিযোগে তমাল বৈদ্য (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার (১৮ জুন) রাতেই আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তমাল বৈদ্য রাংতা গ্রামের তাপস বৈদ্যর ছেলে।

সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত থেকেই তৌহিদি জনতা তমালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাংতা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ইসলাম ধর্ম এবং মহানবী সা: সম্পর্কে অবমাননাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। খবর পেয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল ইসলাম তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাতেই অভিযান চালিয়ে তমাল বৈদ্যকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিষয়ে ওসি বলেন, তমাল বৈদ্যের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন ছিল। আজ বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে রাংতা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।