বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নিচতলার তথ্যসেবা কেন্দ্রের পাশের কক্ষে শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ২০১৯ সালের একটি ফেস্টুন পাওয়া গেছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে পরিষদে সুলতানা বেগম নামে এক মহিলা সেবা নিতে আসলে ব্যানারটি তার নজরে আসে। পরে ব্যানারটি আরো কয়েকজন দেখলে সংবাদটি ছড়িয়ে পরে।
উপজেলার বাটাজোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজানুর রহমান রাজিব সাংবাদিকদের ঘটনাটি জানান।
রাজিব বলেন, এটা নিছক ভুল নয়। এটি উদ্দেশ্যমূলকভাবে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা।
গৌরনদী পৌর যুবদল নেতা নুর উদ্দিন বুদ্ধি ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৯ সালের একটি ব্যানার ২০২৫ সালেও উপজেলা পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনে জনসম্মুখে শোভা পাচ্ছে। এটি প্রশাসনিক তদারকির ঘাটতির পাশাপাশি নিরপেক্ষতার প্রশ্নও উস্কে দিচ্ছে।
মাহিলাড়া ইউনিয়ন বিএনপি নেতা সবুজ শিকদার বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও প্রশাসনিক নীতিনৈতিকতার পরিপন্থী।
শ্রমিক দলের সভাপতি সারোয়ার মোল্লা বলেন, এ ধরনের অব্যবস্থাপনা কোনো দায়িত্বশীল প্রশাসনের চিত্র হতে পারে না।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, বিষয়টি আমার অগোচরে ছিলো। আমি দেখতে পাইনি। তবে বিষয়টি নজরে আসার সাথে সাথে ফেস্টুনটি সরিয়ে ফেলা হয়েছে। এটি আর সেখানে নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।