কক্সবাজারে গ্রেফতার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়েছেন এক ইউপি মেম্বার। তবে শেষ রক্ষা হয়নি। পুকুর থেকেই তাকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।

সোমবার (১২ মে) দুপুরে খুরুশকুলের ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাওয়ার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু বক্কর ছিদ্দিক বাবুল সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ বাবুলকে গ্রেফতার করতে গেলে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পরে পুকুরের মাঝখানে চলে যান তিনি। এদিকে পুলিশ তাকে ডাঙ্গায় উঠে আসতে বললে মায়ের কুলখানিতে অংশ নেয়ার জন্য হাতজোড় করে শুধু একদিনের জন্য সময় চান বাবুল। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করতে দেখা যায় পুলিশকে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বাবুলকে গ্রেফতার করা হয়েছে।’ ‌