সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণে কাজ করছে সরকার মন্তব্য করে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না বলেছেন, ‘আগামী তিন বছরের মধ্যে সিরাজগঞ্জ-বগুড়া রেল লাইনের কাজ শেষ হয়ে যাবে।’

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকায় সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে তিনি এ কথা বলেন।

সাইফুল্লাহ পান্না বলেন, ‘উত্তরাঞ্চলের মানুষ প্রতিদিন তিন ঘণ্টা অতিরিক্ত সময় অপচয় করে ঢাকায় আসছেন বা যাচ্ছেন। তাদের এই ভোগান্তির কথা মাথায় রেখে সরকার সিরাজগঞ্জ থেকে বগুড়া রেললাইন নির্মাণ সম্পন্নের জন্য কাজ করছে।’

তিনি বলেন, ‘১৯৯৮ সালে যখন যমুনা সেতু হলো, তখনই যদি সিরাজগঞ্জে ইকোনমিক জোন হয়ে যেত তাহলে উত্তরবঙ্গের মানুষ আর ঢাকায় এসে চাকরি করতে হতো না। সিরাজগঞ্জেই অসংখ্য মানুষের কর্মসংস্থান হতো।’

তিনি আরো বলেন, ‘দেশের ও এলাকার উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছার প্রয়োজন। যারা নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নে কাজ করবেন মানুষ তাদের সারাজীবন মনে রাখবে। সিরাজগঞ্জের মানুষের যথেষ্ট যোগ্যতা রয়েছে, শুধু ভার্চুয়ালি কানেক্টিভিটির অভাব।’

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাওসার আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা সেলিম খান, শামসুল আলম সেতু, চকোর মালিথা, আয়নুল হক, রাশেদুল ইসলাম, তালহা বিন নজরুল, শহীদুল ইসলাম, ইমানুয়েলস কনভেনশন সেন্টারের চেয়ারম্যান বেনজির আহমেদ শুভ্র।

সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক মল্লিকের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হাসনাইন তানভীর ইমন, অর্থ সম্পাদক শেখ সাদী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা , দফতর সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম শাকিল, প্রতীক মাহমুদ, আব্দুল্লাহেল সাফি, শারমিন নাহার প্রমুখ বক্তব্য দেন।