চট্টগ্রাম মহানগরীর রৌফাবাদে স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে লাশ ১১ টুকরো করার ঘটনায় মূল অভিযুক্ত মো: সুমনকে (৩৫) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে সিলেটের র‌্যাব-৯ ও র‌্যাব-৭। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১২ জুলাই) সিলেট র‌্যাব-৯ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর আসামিকে ধরতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব।

গ্রেফতার সুমন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সুয়াগাজী এলাকার বাসিন্দা। বাবার নাম মো: সুন্দর আলী।

র‌্যাব জানায়, গত ৯ জুলাই চট্টগ্রামের রৌফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে সুমন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করে লাশ ১১ টুকরো করে ফ্ল্যাটের বিভিন্ন স্থানে গুমের চেষ্টা করে। ফ্ল্যাটে অস্বাভাবিক আচরণ, দুর্গন্ধ এবং পানির শব্দ শুনে সিকিউরিটি গার্ড মশিউর রহমান সেখানে গেলে সুমন প্রথমে বাধা দেন। পরবর্তীকালে জোর করে ঘরে ঢুকে রক্তমাখা কাপড় ও লাশের অংশ দেখতে পান। তিনি বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে সহায়তা আনতে গেলে সুমন জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটের নিচ ও বাথরুম থেকে নিহতের ক্ষতবিক্ষত দেহাবশেষ উদ্ধার করে।

র‌্যাব আরো জানায়, নিহতের বড় ভাই মো: আনোয়ার হোসেন রুবেল এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচারিত হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার সুমনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।