গাজীপুরে বসতবাড়িতে লাইনের লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে নারীসহ একই পরিবারে তিনজন দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- পোশাকশ্রমিক হারিস মিয়া (৫০) ও তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) এবং তাদের স্কুল পড়ুয়া ছেলে মইনুল ইসলাম (১২)।

তাদের বাড়ি সিলেটের সুনামগঞ্জে, বর্তমানে তারা গাজীপুর এলাকায় ভাড়া থাকেন বলে জানা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে রান্না করার জন্য গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাসের লাইন লিকেজ হয়ে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। তাদেরকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান মোবাইল ফোনে জানান, দুপুরে গাজীপুর থেকে স্বামী, স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হারিস মিয়া ৮৮ শতাংশ দগ্ধ, আয়েশা আক্তার ৯০ শতাংশ এবং মইনুল ইসলামের শরীর ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। জরুরি বিভাগের পর্যবেক্ষণ শেষে তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে রেফার করা হবে বলেও জানান তিনি।