গাজীপুরে চ্যাম্পিয়ন পরিবহন সার্ভিসের মিনিবাসের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষের এক শিশু নিহত অপর দুইজন আহত হয়েছে। এসময় উত্তেজিত জনতা ওই বাসে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম লামিয়া।

এসময় উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। স্থানীয়রা ঘাতক বাসের হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

জিএমপি’র বাসন থানার ওসি মো: কায়সার আহমেদ জানান, সোমবার সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার টিঅ্যান্ডটি মোড় এলাকায় চৌরাস্তাগামী চ্যাম্পিয়ন পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে উল্টোপথে আসা অটোরিক্সার সংঘর্ষ হয়। এসময় অটোরিক্সাটি উল্টে গেলে ওই বাসের চাপায় আরোহী লামিয়া নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত ও অপর দু’জন আহত হয়।

তিনি জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় উত্তেজিত জনতা ওই বাসে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখে।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঘাতক বাসের হেলপারকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।