সিলেটে এক দিন শূন্য পার হওয়ার পর আবারো নতুন করে আরো চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

সিলেটে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের নমুনা পরীক্ষা করে চারজনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে বর্তমানে চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (৩০ জুন) দৈনিক নয়া দিগন্তকে এই তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে এ পর্যন্ত ৩৪৮ জনের করোনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই সময়ে সিলেটে করোনায় মারা গেছেন একজন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, করোনা ও ডেঙ্গুর ব্যাপারে সারাদেশের তুলনায় সিলেটের সার্বিক পরিস্থিতি এখনো ভালো। চলতি বছরে সিলেটে কোভিড আক্রান্ত হয়ে একজন মারা গেছেন, তিনি বৃদ্ধ ছিলেন এবং শ্বাসকষ্টজনিত রোগসহ অন্যান্য রোগে ভূগছিলেন।

তিনি আরো বলেন, করোনার সাথে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। করোনা কিংবা ডেঙ্গু আক্রান্ত হলে যে কেউ যদি নিজ থেকে আইসোলেটেড হয়ে যান তাহলে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটা কমে আসবে। বিষয়টি সবার নজর রাখতে হবে।