চুয়াডাঙ্গার দর্শনায় অদম্য মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে উদযাপন করতে এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় দর্শনা কেরু উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দর্শনা পৌর শাখার উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
দর্শনা পৌর ছাত্রশিবিরের সভাপতি লোকমান হোসেন হৃদয়ের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি সাব্বির রহমান বাঁধনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহার ইসলাম। অদম্য মেধাবীদের অনুপ্রেরণা জুগিয়ে অতিথিরা তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ। এ ছাড়াও বক্তব্য রাখেন দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল আলম অপু, ছাত্রশিবিরের অফিস সম্পাদক পারভেজ আলম এবং চুয়াডাঙ্গা জেলা অর্থ সম্পাদক আবু রায়হান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ হোসেন, আব্দুল্লাহ আল আমিন, নূরে মুসাব্বির, আজিজুল ইসলাম, জুনায়েদ, হামজা ফারাজি, সাবিত হাসান ও রাজিবুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সংবর্ধনা শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।