মাত্র ১৯ বলে ফিফটি। এরপর ২১ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস। জিসান আলমের বিধ্বংসী ব্যাটিংয়ে মালয়েশিয়াকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট। মাত্র ৭.৪ ওভারে ১০৬ রানের লক্ষ্য পেরিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে মালয়েশিয়া। দলীয় ১৯ রানেই ফিরে যান দুই ওপেনার। মোহাম্মদ রুবেলের বলে ৫ বলে কোনো রান না করেই বোল্ড হন সাইফ উল্লাহ। পরের ওভারেই বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের শিকার হন আসলাম খান। তার ব্যাট থেকে আসে ২০ বলে ১৮ রান।
দুই উইকেট হারিয়ে চাপে পড়া মালয়েশিয়াকে কিছুটা স্বস্তি দেন সাইদ আজিজ ও আহমেদ আকিল। তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন দুজন। তবে জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি মালয়েশিয়া। আবু হায়দারের বলে ক্যাচ দিয়ে ফেরেন আজিজ ও আকিল।
আজিজ করেন ৫২ বলে ৪০ রান, আকিলের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩০ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। অবশ্য ১০৬ রানের লক্ষ্য বাংলাদেশের জন্য অবশ্য মোটেও চ্যালেঞ্জ হয়ে ওঠেনি।
শুরু থেকেই পাল্টা আক্রমণে যান জিসান। মাত্র ১৯ বলে ফিফটি তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন এই ওপেনার। শেষ পর্যন্ত ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন জিসান। তার ইনিংসে ছিল ২টি চার ও ৭টি ছক্কা।
আরেক ওপেনার জাওয়াদ আবরারও খেলেন ৮ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস। জিসানের ছক্কার ঝড়ে মাত্র ৭.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি।
টি-টোয়েন্টি সিরিজ শেষ। এবার ওয়ানডের পালা। পরশু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হবে বাংলাদেশ এইচপি ও মালয়েশিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।