পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিনটি নৌকা, ২৪ বোতল কীটনাশক, টোনা জাল ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যান অজ্ঞাতপরিচয় জেলেরা।

বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির শিয়ালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শিয়ালা এলাকার একটি সাইডখালে তিনটি নৌকা দেখতে পেয়ে বনরক্ষীরা এগিয়ে গেলে নৌকায় থাকা অজ্ঞাতপরিচয় জেলেরা নৌকা ফেলে সুন্দরবনের ভেতরে পালিয়ে যান। পরে নৌকাগুলোতে তল্লাশি চালিয়ে ২৪ বোতল কীটনাশক, তিনটি টোনা জাল, শুঁটকি তৈরির চাটাইসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, ‘সকালে বনরক্ষীরা সুন্দরবনে বিষদস্যুদের একটি অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। অজ্ঞাতপরিচয়ের জেলেরা সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরে বনের মধ্যে শুঁটকি তৈরির জন্য সরঞ্জাম নিয়ে অবৈধভাবে প্রবেশ করেছিল। বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা জারি রয়েছে।’