দিনাজপুর জেলা কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়ার দিনে মো: নাদিম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার বাড়ি দিনাজপুর শহরের মিশন রোড এলাকায়। তিনি মৃত আলাউদ্দিনের ছেলে।
বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই কয়েদি মাদকাসক্তির কারণে হঠাৎ অচেতন হয়ে পড়া রোগে আক্রান্ত ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় ১০ দিনের সাজাপ্রাপ্ত হয়ে দিনাজপুর জেলা কারাগারে যান নাদিম। আজ বুধবার ২৬ আগস্ট তার সাজা শেষে আগামীকাল (২৭ আগস্ট) কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা ছিল। তার আগেই সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মেডিসিন ওয়ার্ডে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন কয়েদি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।