কক্সবাজারের রামুতে সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের মধ্যে একজন পুলিশ সদস্য বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর রাত ২টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার পাঙ্গাস গ্রামের আব্দুল ওয়াদুদ খানের ছেলে রামু থানার ওয়ারলেস অপারেটর জাহিদুল ইসলাম (৩৩), চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই থানার কমল মুন্সির হাট এলাকার বাবুল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী (৩৫) ও চট্টগ্রামের রাউজান উপজেলার বাইন্যারহাট, ডাবুয়া এলাকার নান্টু চৌধুরীর ছেলে পূষন চৌধুরী (৩৭)।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি বলেন, আটক কনষ্টেবল জাহিদুল থানার টেলি কমিউনিকেশন বিভাগে কর্মরত ছিল।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সদস্য জাহিদুল ইসলাম মণ্ডলপাড়া গ্রামে ভাড়া বাসায় থেকে ইয়াবা কারবার চালিয়ে আসছিলেন। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে সামনে পার্কিং করা প্রাইভেটকার থেকে সাত হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।