কক্সবাজারে আপন দুই বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কক্সবাজার সদর থানা সংলগ্ন রেললাইনের ওপারে রামু থানা এরিয়ায় এ ঘটনা ঘটে।
নিহত ছোট ভাইয়ের নাম শওকত ওসমান। তিনি কক্সবাজার সদরের ভারুয়াখালীর ৯নং ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে গুরুতর আহন হন শওকত। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
তিনি আরো জানিয়েছেন, এ ঘটনায় শওকত ওসমানের আপন মামা শহীদুল ইসলামও আহত হয়েছেন। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শওকত ওসমানের মা রেহেনা বেগম বলেন, শওকতকে বাঁচাতে যাওয়ায় আমার ভাইকেও ছুরি মেরেছে ছেলেরা।
রামু থানার ওসি তৈয়বুর রহমান আরো বলেন, অভিযুক্ত দুই ভাই কাউসার ওসমান ও সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।
নিহত শওকত ওসমানের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলেও জানান ওসি।