কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরণের শিকার ইমাম মাওলানা মিজানুর রহমান আজিজী (৩১) দুই লাখ টাকার মুক্তিপণে ছাড়া পেয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের একটি ফিলিং স্টেশন থেকে পূর্ব দিকে অর্ধ কিলোমিটার দূরের পাহাড়ি এলাকায় তাকে ছেড়ে দেয়া হয়।

এদিন সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় তিনি ডাকাতি ও অপহরণের শিকার হন। এ নিয়ে দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশিত হয়।

জানা গেছে, অপহরনের পরে সারাদিন দর কষাকষির পর দুই লাখ টাকা মুক্তিপনের বিনিময়ে অপহরণ চক্রের জিম্মিদশা থেকে তিনি ফিরে এসেছেন।

অপহৃতের এলাকাবাসী জানায়, ফোনে দর কষাকষির পর অপহৃত ইমামের ছোট ভাই আবু বকর সিদ্দিককে তাদের লোকেশন জানায় অপহরণকারী চক্রের দলনেতা। পরে লোকেশন অনুযায়ী তিনি-সহ তার অপর চাচাত ভাই রমজান আলী গহীন বনে গিয়ে মুখোশধারী ১৩ থেকে ১৪ জনের সশস্ত্র ডাকাত দলকে দাবীকৃত দুই লাখ টাকা মুক্তিপণ বুঝিয়ে দিলে তারা তাকে ছেড়ে দেয়। তারা ভিকটিমকে নিয়ে বাড়িতে নিয়ে গেছেন বলে জানা গেছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মছিউর রহমান জানান, অপহৃত ব্যক্তি উদ্ধার হয়েছেন বলে জেনেছেন। তবে মুক্তিপণের বিষয়টি জানা নেই বলেও জানান ওসি।