বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে দ্রুতগামী একটি বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার ভূরঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান (২৯) মাদারীপুর জেলার শিবচর পৌরসভার বীরহামগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি আনোয়ার হোসেন তালুকদারের ছেলে।
সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস ভূরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাহিদ পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর বাসটি কিছুক্ষণ থেমে থাকলেও চালক ও হেলপার পালিয়ে যান।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে। চালক ও হেলপারকে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।