ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ক্যান্টিন সংস্কার কাজ করার সময় দেয়ালচাপা পড়ে দীন ইসলাম দানী (৫০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্যালক মো: শহিদুল ইসলাম জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (আইবিএ) ক্যান্টিনের কাজ চলছিল। ক্যান্টিনের একটি দেয়াল ভাঙ্গার সময় হঠাৎ দেয়ালের চাপা পড়ে আমার দুলাভাই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নয়ানগর এলাকায়। বর্তমানে মিরপুর ১০ নম্বর এলাকায় ভাড়া থাকতো। তিনি দুই মেয়ে ও তিন ছেলের জনক ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।