রাজধানীর গুলিস্থান হল মার্কেটের সামনে গাড়ির ধাক্কায় মাজেদা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ রাসেল জানান, গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর জেলার এলাকায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার আত্মীয়-স্বজন না আসায় বিস্তারিত জানা যায়নি কিছু। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।