রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় নুরের চালা প্রাইমারি স্কুলের পাশের একটি টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- গৃহকর্তা হালিম শেখ (৫০), তার স্ত্রী শিউলি বেগম (৪৫), ছেলে হানিফ শেখ (২৮) ও হালিম শেখের বোন রহিমা খাতুন (৫০)।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান বলেন, রাতের দিকে ভাটারা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় চারজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও ড্রেসিং করা হয়েছে। এতে দগ্ধের পরিমাণ হালিম শেখের শরীরের ৩৩ শতাংশ, তার স্ত্রী শিউলি বেগমের ১ শতাংশ, ছেলে হানিফ শেখের ৯০ শতাংশ এবং তার বোন রহিমা খাতুনের ২ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরো জানান, এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানিয়েছি।