রাজধানীর লালবাগে ইডেন কলেজের ভিতরের পুকুরে সাঁতার কাটার সময় সানজিদা আক্তার (১৮) নামের অগ্রণী মহিলা স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা মায়েশা ইসলাম জানান, ‘সকালের দিকে ইডেন কলেজের ভিতরের পুকুরে ইডেনের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর সাথে সাঁতার কাঁটার সময় সানজিদা পানিতে ডুবে যায়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, নিহত সানজিদা চকবাজারের ১২ নম্বর চম্পাকলি এলাকার বাসিন্দা মোহাম্মদ সাজুর মেয়ে।

সানজিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক। তিনি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।