রাজধানী ঢাকার বাতাসের মান আজ সহনীয় পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ৫৭ একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর নিয়ে ঢাকা ৪৪তম অবস্থানে রয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করেছে।
তালিকায় ১৭৯ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা। দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার স্কোর ১৬৭। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৬২। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যাদের স্কোর যথাক্রমে ১৬০ ও ১৫৮।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, গতকাল একই সময়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৩তম। আজ বায়ুর মানের উন্নতি হওয়ায় অবস্থান নেমে এসেছে ৪৪তম স্থানে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।