বিশ্বজুড়ে বায়ুদূষণ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে উন্নয়ন, অন্যদিকে পরিবেশ বিপর্যয়- এই দ্বন্দ্বে দিন দিন দূষিত হচ্ছে শহরের বাতাস। আন্তর্জাতিক পর্যবেক্ষণ অনুযায়ী, এবার দূষণের শীর্ষে উঠে এসেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। বাংলাদেশের রাজধানী ঢাকা কিছুটা উন্নতি করলেও এখনো রয়েছে শীর্ষ তালিকায়।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৮৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রিয়াদ। একই সময়ে ৬৯ স্কোর নিয়ে ২৩তম অবস্থানে রয়েছে ঢাকা, যা ‘মাঝারি’ দূষণের পর্যায়ে পড়ে।

এছাড়া ১৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, ১২১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থান রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১১৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা এবং পঞ্চম অবস্থানে থাকা ব্রাজিলের সাও পাওলো শহরের স্কোরও ১১৫।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতি মুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।