বায়ুমান সূচক অনুযায়ী দূষিত বাতাস নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের জনবহুল রাজধানী ঢাকা।

আজ শনিবার সকাল ৯টা ৪ মিনিটে একিউআই স্কোর ১৯৬ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শহরটি।

পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও মিশরের কায়রো শহর যথাক্রমে ২৫৬, ১৯০ ও ১৮২ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তখন তাকে ‘ভালো’ বিবেচনা করা হয়ে থাকে। এরপর একিউআই সূচক ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। সূচক ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এখানকার বাতাসের গুণমান সাধারণত ‘শীতকালে’ বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং ‘বর্ষাকালে’ উন্নত হয়। সূত্র : ইউএনবি