ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সকাল ৯টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের উত্তরে এবং উড়িষ্যার দক্ষিণ উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আজ সকাল ৬টায় দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম-পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৪৮ মিলিমিটার।

গতকালের দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও কুমারখালীতে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। দেশের আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৪ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস এবং ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। সূত্র : বাসস