দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সাথে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আজ সকাল থেকে রাজধানী ঢাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। শুধু রাজধানী নয়, দেশের প্রায় সব অঞ্চলে আজ বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে তিনটি বিভাগের বেশিভাগ স্থানে বৃষ্টি হতে পারে। এসব বিভাগের কিছু এলাকায় ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফদর জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৮৯ মিলিমিটার। আজ রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ২ মিলিমিটার।