অপেক্ষা ঘুচলো পর্তুগালের, ফিরে পেল সিংহাসন। দুই মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করল রোনালদোর দল। উয়েফা নেশন্স লিগের নতুন চ্যাম্পিয়ন তারা। একইসাথে গড়ল ইতিহাস, সর্বোচ্চ দু’বার পেল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ।

অন্যদিকে আরো একবার স্বপ্নভঙ্গের দহনে নীল হলো স্পেন। স্বপ্নপূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে থেকেও হোচট খেল তারা। দখলে নেয়া হলো না শিরোপা। মিউনিখে পেনাল্টি শুট আউটে ভাগ্যের কাছে হেরে গেছে তারা।

আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার শিরোপা নির্ধারণ হয় পেনাল্টিতে। ১২০ মিনিটের লড়াই ২-২ সমতায় শেষ হলে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। যেখানে ৫-৪ ব্যবধানে জিতে স্পেনকে হতাশ করে শিরোপা জিতে নেয় পর্তুগাল।

ধারণাই ছিল তুমুল প্রতিদ্বন্দ্বীতা হবে এই ম্যাচে, হলোই তাই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। যদিও আধিপত্য বেশি ছিল স্পেনেরই। সুবাদে গোলও পেয়ে যায় তারা। ২১ মিনিটে গোল করেন মার্টন জুবিমেন্দি।

তবে ম্যাচে ফিরতে সময় নেয়নি পর্তুগাল। ২৬ মিনিটেই গোলটি পরিশোধ করে দেন নুনো মেন্ডিস। পেদ্রো নেতোর কাছ থেকে বল পেয়ে জোরাল এক শট কাঁপিয়ে দেয় স্পেনের জাল।

কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে স্পেন আবারো এগিয়ে যায়। এবার ইয়ামালের জোগান দেয়া বল পেদ্রির পা থেকে নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন মিকেল ওইয়ারজাবাল। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

লো রোহাদের এগিয়ে থাকার স্বস্তিটা দ্বিতীয়ার্ধে কেড়ে নেন পর্তুগিজ অধিনায়ক। বলা যায় ম্যাচের ভাগ্যটাই নির্ধারণ করে দেন রোনালদো। ৬১ মিনিটে মেন্ডিসের দিক বদলে যাওয়া বল ভলিতে জাল কাঁপান তিনি।

ম্যাচে ফেরে ২-২ সমতা, আট মিনিট পর পেদ্রির কাছ থেকে বল পেয়ে একটুর জন‍্য শট লক্ষ‍্যে রাখতে পারেননি উইলিয়ামস। আর ৮৩তম মিনিটে ইসকোর শট ঝাপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান পর্তুগিজ গোলরক্ষক।

৮৭তম মিনিটে মাঠ ছেড়ে উঠে যান রোনালদো। তবে আক্রমণ জারি রাখে পর্তুগাল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফের্নান্দেসের দারুণ ফ্রি কিক ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন স্প‍্যানিশ গোলরক্ষক উনাই সিমোন।

ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্তি সময়ের শুরুতেই এগিয়ে যেতে পারত পর্তুগিজরা। নেলসন সেমেদোর কাছ থেকে বল পেয়ে একটুর জন‍্য শট লক্ষ‍্যে রাখতে পারেননি মেন্দেস। নষ্ট হয় সুবর্ণ সুযোগ।

এরপর আরো কিছুক্ষণ স্পেনকে চেপে ধরে রাখে নুনো মেন্ডিসরা। তবে শুরুতে বেশ কিছুক্ষণ পর্তুগিজদের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে যায় স্পেন। তৈরি করে বেশ কিছু সুযোগ। কিন্তু জালের দেখা পায়নি তারাও। ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে রুবেন নেভাস, গন্সালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দোস ও নুনো মেন্ডিস গোল করেন পর্তুগালের হয়ে। অন্যদিকে স্পেনের হয়ে প্রথম তিন শটে জালে দেখা পান মিকেল মেরিনো, আলেক্স বায়েনা ও ইসকো। তবে গোল করতে পারেননি মোরাতা।

তাতে নেশন্স লিগের প্রথম আসরের পর ফের শিরোপা ঘরে তুলে পর্তুগাল।

পর্তুগালের পরের দুই আসরে তা দখলে নেয় ফ্রান্স ও স্পেন। তবে ৬ বছর পর এসে সেই শিরোপা পুনরুদ্ধার করল ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

পর্তুগাল স্পেনকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে হারিয়েছিল ২১ বছর আগে। ২০০৪ সালের ইউরোতে। আজ ফুরাল সেই অপেক্ষা। ফের স্পেনকে হারাল পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে উঠল শিরোপা।