অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। ব্রাজিল জাতীয় দলের পাঁচ তারকা জার্সি গায়ে তুলতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন রিয়াল মাদ্রিদের এই মাস্টার মাইন্ড।
আলোচনা চলছিল দীর্ঘ দিন ধরেই। তবে খানিকটা দ্বিধা থেকেই যাচ্ছিল। তবে শেষ হয়েছে শঙ্কা। সব কিছু ঠিক থাকলে চলতি মৌসুমের শেষেই রিয়াল মাদ্রিদে চাকরি ছাড়বেন তিনি, ব্রাজিল দলে যোগ দেবেন চলতি মাসেই।
বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। রিয়াল মাদ্রিদকে সম্ভাব্য সব শিরোপা জেতানো আনচেলত্তির ব্রাজিলের ডাগ আউটে দেখা যাবে চলতি মাসের ২৬ মে।
ইতালিয়ান এই কোচ বিশ্বের সবচেয়ে সফলতম জাতীয় দলের দায়িত্বই নিতে যাচ্ছেন যদিও, তবে কঠিন চ্যালেঞ্জ তার সামনে। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না হলুদ জার্সিধারীদের। সাফল্যের জন্য বুভুক্ষু হয়ে আছে তারা।
আনচেলত্তির ব্রাজিলে আসা নিয়ে অবশ্য নাটকীয়তার কমতি ছিল না। রিয়ালের সাথে আনচেলত্তির চুক্তির একটি ধারা নিয়ে জটিলতা দেখা দেয়ায় দুল্যমান ছিল তার ভাগ্য। যদিও তা কেটে গেছে।
দুই পক্ষের সম্মতিতে ইতোমধ্যে চুক্তি সই হয়ে গেছে। তাতে আনচেলত্তি হয়ে গেলেন পুরুষ জাতীয় দলের ইতিহাসে ব্রাজিলের প্রথম বিদেশী কোচ।
উল্লেখ্য, অন্যতম সফল কোচ হিসেবেই সান্তিয়াগো বার্নাব্যু অধ্যায় শেষ করলেন আনচেলত্তি। দুই মেয়াদে জিতেছেন ১৫টি ট্রফি। গত মৌসুমেও লস ব্লাঙ্কোসদের এনে দেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা।
যদিও শেষটা ভালো হচ্ছে না তার। ট্রফি শূন্য একটা মৌসুম কাটিয়ে বিদায় নিতে হচ্ছে তাকে। শেষ সময়টা পারলেন না রাঙাতে। বছরের চারটা এল ক্লাসিকোতেও হেরেছেন বাজেভাবে।
সময়টা ফুরিয়ে এলেও প্রাপ্য সম্মান পাচ্ছেন আনচেলত্তি। লিগের শেষ ম্যাচে রিয়াল সোসিয়াবাদের বিপক্ষে মাঠে নামার আগে ক্লাব তার জন্য বিশেষ বিদায়ী সংবর্ধনার আয়োজন করবে বলে জানা গেছে।