চলতি মাসেই শেষ হচ্ছে বার্নাব্যুতে কার্লো আনচেলত্তি অধ্যায়৷ রিয়াল মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে সফল এই কোচকে আর দেখা যাবে না তাদের ডেরায়৷ তবে এর মাঝেই তার বিকল্প খুঁজে নিয়েছে লস ব্লাঙ্কোজরা।
আনচেলত্তির বিদায় নিশ্চিত হওয়ার আগেই রিয়ালের পরবর্তী কোচ হিসেবে ফুটবল পাড়ায় ছড়িয়ে পরে জাবি আলোনসোর নাম। সবকিছু ঠিক থাকলে পরবর্তী মৌসুমে তিনিই থাকছেন রিয়ালের ডাগ আউটে।
জাবি আলোনসো যেন এক জাদুকরের নাম। আগের মৌসুমে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতিয়েছেন লেভারকুসেনকে। দলকে রানার্সআপ করেছেন ইউরোপা লিগে।
এই বছরও খুব একটা খারাপ খেলেনি লেভারকুসেন। বুন্দেসলিগায় দ্বিতীয়, সুপার কাপে চ্যাম্পিয়ন ও জার্মান কাপে সেমিফাইনাল খেলে দলটি। চ্যাম্পিয়নস লিগেও খেলেছে শেষ ষোলোতে।
তবে লেভারকুসেন ইতিহাসের সফলতম কোচ হয়ে ওঠা আলোনসো মৌসুম শেষেই ক্লাবকে বিদায় বলে দিয়েছেন। আর ফিরতে চলেছেন নিজের ক্লাব রিয়াল মাদ্রিদে, যেখানে জার্সি গায়ে খেলেছেন ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত।
তথ্যানুযায়ী, রিয়াল মাদ্রিদের সাথে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরের চুক্তি সই করেছেন জাবি। চুক্তির সকল শর্ত, স্টাফসহ অন্যান্য বিষয় চূড়ান্ত হয়েছে ইতোমধ্যেই।
জানা গেছে, আগামী মাসে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই দায়িত্ব নিতে পারেন এই স্প্যানিশ কোচ। চলতি লা লিগা মৌসুম শেষে তাকে কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেবে রিয়াল।
আলোনসো ফুটবলার হিসেবেও বেশ সফল। রিয়াল মাদ্রিদ ছাড়াও খেলেছেন লিভারপুল ও বায়ার্ন মিউনিখে। আর জাতীয় দল স্পেনের হয়ে জিতেছেন বিশ্বকাপও।
২০১৭ সালে অবসরের পর ২০১৯ সালে রিয়াল সোসিয়েদাদ ‘বি’ দলে কোচিং ক্যারিয়ার শুরু করেন। আর ২০২২ সালে নেন লেভারকুসেনের দায়িত্ব।
জাবি আলোনসোতেই ভরসা রিয়াল মাদ্রিদের
সবকিছু ঠিক থাকলে পরবর্তী মৌসুমে তিনিই থাকছেন রিয়ালের ডাগ আউটে।