শিরোপার দিকে অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ। সাফ অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে এসেছে টাইগাররা। আজ অরুণাচলে ভুটানকে উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছে শেষ চার।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সাথে জিততেই পারেনি বাংলাদেশ। করতে হয় পয়েন্ট ভাগাভাগি। তবে আজ রোববার ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে যুবারা।

বাংলাদেশের হয়ে ১টি করে গোল করেছেন মোরশেদ আলী, সুমন সরেন ও নাজমুল হুদা। এই জয়ে গ্রুপ পর্বের দুই ম্যাচে এক ড্র ও এক জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানীর দল।

মাত্র ১৩ মিনিটের মাথায় ভুটানের রক্ষণ ভাঙে বাংলাদেশ। একক প্রচেষ্টায় দারুণ এক গোল করেন মোরশেদ আলী। ১৬ মিনিটে তার আরো একটা প্রচেষ্টা কর্নারের বিনিময়ে রুখে দেয় ভুটান।

ম্যাচের ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। এবারের গোলের কারিগরও সেই মোরশেদ। যদিও গোলটা তিনি করেননি। তার দারুণ পাস থেলে বল জালে জড়ান সুমন।

বিরতিতে যাওয়ার আগেও দুটি আশা জাগানিয়া সুযোগ তৈরি করে বাংলাদেশ। কিন্তু গোল আসেনি। জোড়া গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে টাইগার যুবারা।

দ্বিতীয়ার্ধেও গোছানো ফুটবল খেলার চেষ্টা করে বাংলাদেশ। ৭৩তম মিনিটে মুর্শেদের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হয়। যদিও তা ফিস্ট করে ফেরান ভুটান গোলকিপার।

এরপর আরো বেশ কয়েকটি আক্রমণ চালালেও নির্ধারিত সময়ে গোল আসেনি। তবে যোগ করা অতিরিক্ত সময়ে মোরশেদের চমৎকার ক্রস থেকে বাংলাদেশকে তৃতীয় গোল উপহার দেন অধিনায়ক নাজমুল।

ভুটানের সাথে ৩ গোলে জেতায় ‘এ’ গ্রুপের সেরা হবার সম্ভাবনা বেড়েছে বাংলাদেশের। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপ খেলবে ভুটানের বিপক্ষে।