আসন্ন ক্লাব বিশ্বকাপে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল অংশগ্রহণকারী কোনো একটি দলের হয়ে রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলবেন।

পর্তুগালের এই অধিনায়ক বলেছেন, বর্ধিত কলেবরে নতুন নিয়মের এবারের আসরে তার খেলা নিয়ে আলোচনা চললেও বিষয়টি সঠিক নয়।

এ সম্পর্কে অভিজ্ঞ এই ফরোয়ার্ড বলেন, ‘আমি ক্লাব বিশ্বকাপে থাকছি না। তবে বেশ কয়েকটি দল এ বিষয়ে আমার সাথে যোগাযোগ করেছে।’

নেশন্স লিগের ফাইনালে রোনাল্ডোর পর্তুগাল মিউনিখে স্পেনের মুখোমুখি হচ্ছে। সৌদি পেশাদার ক্লাব আল নাসরের সাথে এ মাসেই রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সে কারণেই গুঞ্জন ছিল, তিনি হয়তো ক্লাব বিশ্বকাপের আগে দলবদল করে অন্য কোনো ক্লাবে নাম লেখাতে যাচ্ছেন।

মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো এক পোস্টে লিখেছিলেন, আল নাসরের সাথে অধ্যায় শেষ।

তখন থেকেই কার্যত গুঞ্জন ছিল অপর সৌদি ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন রোনালদো। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে আল হিলাল খেলছে।

রোনালদো বলেছেন, সংক্ষিপ্ত সময়ের কোনো সিদ্ধান্তের প্রতি তিনি মোটেই আগ্রহী নন। এ কারণেই বেশ কিছু ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব এলেও সেগুলো নাকচ করে দিয়েছেন তিনি।

একইসাথে তিনি আরো একটি বিষয় নিশ্চিত করেছেন, তার ভবিষ্যত অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে।

সূত্র : বাসস