ইতিহাস গড়লো উজবেকিস্তান ও জর্ডান। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াও। টানা ১১ বার বৈশ্বিক এই আসরে খেলতে যাচ্ছে তারা।
বৃহস্পতিবার অবিস্মরণীয় একটা রাত ছিল উজবেকিস্তান ও জর্ডানের জন্য। বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো দেশ দুটো জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।
উজবেকিস্তানের জন্য সমীকরণ ছিল সহজ আরব আমিরাতের কাছে না হারলেই হতো। সেটাই হয়েছে। গোলশূন্য ড্র করেই বিশ্বকাপে জায়গা পাকা করে ফেলেছে তারা।
অন্যদিকে জর্ডানের জন্য সমীকরণ ছিল চ্যালেঞ্জিং। কাল বিশ্বকাপ নিশ্চিতের জন্য শুধু নিজেরা জিতলেই হতো না, ইরাকেরও দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হতো। হয়েছেও তাই। তাতেই কপাল খুলেছে দলটার।
একদিকে দক্ষিণ কোরিয়া ২-০ গোলে ইরাককে হারিয়ে টানা এগারোবার বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। অন্যদিকে জর্ডান বিশ্বকাপ নিশ্চিতের জন্য ৩-০ গোলে হারায় ওমানকে।
র্যাঙ্কিংয়ে উজবেকিস্তান আছে ৫৭ নম্বরে। ১৯৯৬ থেকে প্রতিটি এশিয়ান কাপে খেলেছে। ২০০৪ থেকে নিয়মিত উঠেছে নকআউটে। ২০১১ সালে সেমিফাইনাল আর সর্বশেষ আসরে কোয়ার্টার ফাইনালে খেলেছে দলটা।
অন্যদিকে জর্ডান র্যাঙ্কিংয়ে ৬২তম। ১৯৮৬ সাল থেকে সপ্তমবারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিচ্ছে। এর আগে ২০১৪ সালে বিশ্বকাপ খেলার খুব কাছে পৌঁছে যায় তারা। তবে প্লে-অফে উরুগুয়ের কাছে হেরে হয় স্বপ্নভঙ্গ।
সব মিলিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপে এখন পর্যন্ত জায়গা নিশ্চিত করেছে ১০টি দেশ। যেখানে স্বাগতিক দেশ হিসেবে সুযোগ পাচ্ছে-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
আর বাকি সাতটি দেশ হলো জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।