প্রাক-মৌসুমে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন তারকা উইঙ্গার ফেডেরিকো ডিমার্কো। তার গোলের সাথে ফরাসি মিডফিল্ডার অ্যান্ডি দিউফের গোলে শনিবার পার্থে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে সিরি-আ চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
৫০ হাজার ৩২৫ দর্শকের উপস্থিতিতে ঠান্ডা আবহাওয়ার মধ্যে ম্যাচের ২০ মিনিটে গোল করে ইন্টারকে এগিয়ে দেন ডিমার্কো। দ্বিতীয়ার্ধে ২৩ বছর বয়সী দিউফ ব্যবধান দ্বিগুণ করেন।
৮৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে জুভেন্টাসের হয়ে একটি গোল শোধ করেন ফ্রান্সিসকো কনসেইসাও।
২৮ বছর বয়সী ডিমার্কো দুর্দান্ত ছন্দে রয়েছেন। বুধবার একই মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের সাথে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও ইন্টারের একমাত্র গোলটি করেছিলেন তিনি।
এসি মিলানের বিপক্ষে গোলপোস্টের নিচে দুর্দান্ত পারফরম্যান্স করা নতুন গোলরক্ষক ইভান প্রোভেদেল এ ম্যাচেও গোল হজম করেননি। দ্বিতীয়ার্ধে মাঝামাঝি সময় তাকে তুলে নেয়া হয়।
জুভেন্টাসের আক্রমণভাগের দুর্বল ফিনিশিং তাদের ভুগিয়েছে। আর তাদের ধীরস্থির ও পরিকল্পিত খেলার ধরন গত মৌসুমে ইতালিয়ান ঘরোয়া ডাবল জেতা ইন্টারের বিপক্ষে তেমন কোনো সমস্যাই তৈরি করতে পারেনি।
গত মৌসুমের সিরি ‘আ’-তে ষষ্ঠ হওয়া জুভেন্টাস এ ম্যাচের আগে প্রাক-মৌসুমে অপরাজিত ছিল। বুধবার হংকংয়ে চেলসিকে ১-০ গোলে হারানোও ছিল তাদের প্রস্তুতি পর্বের অংশ।
চেলসির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা উদীয়মান তুর্কি উইঙ্গার কেনান ইলদিজ এদিন শুরু থেকেই খেলেছেন। তবে হাঁটুর চোটে তিনি ভুগছেন বলে খবর রয়েছে।
কোচ লুসিয়ানো স্পালেত্তির অধীনে জুভেন্টাসের খেলার কৌশলে এখন অনেকটাই পরিচিত বৈশিষ্ট্য হয়ে উঠেছে- শুরুতে ধৈর্য ধরে খেলা এবং দুই প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলা।
তবে ইন্টার বিচলিত হয়নি। ২০ মিনিটে অ্যাঞ্জ-ইয়োয়ান বোনির নিখুঁত ক্রস থেকে ডিমার্কো আলতো স্পর্শে বল জালে পাঠিয়ে ইন্টারকে এগিয়ে দেন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইন্টার। তবে জুভেন্টাসের গোলরক্ষক মিশেল দি গ্রেগোরিও কয়েকটি দুর্দান্ত সেভ করে তাদের আরো গোল পেতে বাধা দেন।
শুরুর দিকে নিষ্প্রভ থাকলেও বিরতির আগে ইলদিজ নিজের দলকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। তবে বক্সের বাইরে থেকে তার জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।
বিরতিতে দুই দলের কোচই একাধিক পরিবর্তন আনেন। এসি মিলানের বিপক্ষে পুরো ম্যাচ খেলার পর ডিমার্কোকেও তুলে নেয়া হয়।
ইন্টার চাপ অব্যাহত রাখে এবং ৬২ মিনিটে ব্যবধান বাড়ায়। ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল যে খেলোয়াড়কে দলে ভেড়ানোর চেষ্টা করছে বলে খবর রয়েছে, সেই পিও এসপোসিতোর নিখুঁত পাস থেকে বল পেয়ে জালে পাঠান দিউফ।
শেষদিকে কনসেইসাওয়ের গোলে জুভেন্টাস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।
পার্থে প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে আগামী ১১ আগস্ট সিরি ‘বি’র দল পালের্মোর বিপক্ষে খেলবে জুভেন্টাস। আর ইন্টার তাদের প্রাক-মৌসুমের শেষ ম্যাচ খেলবে ১৫ আগস্ট বারিতে রিয়াল বেতিসের বিপক্ষে।
নতুন সিরি-আ মৌসুম শুরু হবে আগামী ২২ আগস্ট।