যা শঙ্কা ছিলো, তাই হলো। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেল। টস হলো বটে, তবে মাঠেই নামা যায়নি। গড়ায়নি একটি বলও।

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ (শনিবার) শুরু হওয়ার কথা ছিল সুপার এইট পর্ব। কলম্বোর আর প্রেমাদাসায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

টসও হয়েছিল। যেখানে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। কিন্তু এরপর আর খেলা মাঠে গড়ায়নি। টসের পরপরই নামে ঝুম বৃষ্টি। পুরো মাঠ ঢেকে দেয়া হয় কাভারে।

Pakistan-New-Zealand-match-abandoned-due-to-rain

দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ম্যাচটি শুরু করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় রাত ৮ টা ৪০ মিনিট থেকে ওভার কাটা শুরু হয়। অন্তত ৫ ওভারে ম্যাচ খেলতে হলে রাত ১০টা ৪৬ মিনিটের মাঝে খেলা শুরু করতে হতো।

সেটাও অবশ্য সম্ভব হয়ে ওঠেনি। এমন অবস্থায় বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। ফলে পয়েন্ট হয়েছে ভাগাভাগি।

এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সালমান আগা ও মিচেল স্যান্টনারদের। সুপার এইটে পাকিস্তানের বাকি প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা। একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে কিউইরাও।