পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট কেটেছে হায়দ্রাবাদ কিংসমান। গ্রুপ পর্বের শেষ দিনের নাটকীয়তায় লাহোর কালান্দার্সকে পেছনে ফেলে সুপার ফোর নিশ্চিত করেছে তারা।

গতকাল রোববার রাতে নির্ধারণ হয়ে গেছে পিএসএলের একাদশতম আসরের শেষ চার দল।

হায়দ্রাবাদের আগেই অবশ্য শেষ চার নিশ্চিত করেছিল পেশোয়ার জালমি, মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেড। এ চার দলই মুখোমুখি হবে সুপার ফোরে।

সেরা চারে ওঠার লড়াইয়ে সবচেয়ে কঠিন সমীকরণ ছিল হায়দ্রাবাদের সামনে। সুপার ফোর নিশ্চিত করতে রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে শুধু জয় নয়, বড় ব্যবধানে জেতার প্রয়োজন ছিল তাদের।

সে লক্ষ্য পূরণ করতে ব্যাটাররা জ্বলে ওঠেন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৪৪ রানের পাহাড় গড়ে হায়দ্রাবাদ। এরপরও ছিল কঠিন সমীকরণ।

লাহোর কালান্দার্সকে টপকে নেট রানরেটে এগিয়ে সুপার ফোরে যেতে রাওয়ালপিন্ডিকে ১৫৮ রানের মধ্যে আটকাতে হতো তাদের। তবে বোলাররা সেই কাজটাও করে দেন, মাত্র ১৩৬ রানে থামিয়ে দেন রিজওয়াদের।

১০৮ রানের বিশাল জয়ে ১০ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে শেষ চারে পৌঁছে যায় হায়দ্রাবাদ। আর স্বপ্নভঙ্গ হয় রাওয়ালপিন্ডিজের।

এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে সর্বোচ্চ ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পেশোয়ার জালমি। ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইসলামাবাদ ইউনাইটেড।

তৃতীয় স্থানে থাকা মুলতান সুলতানসের পয়েন্ট ১২। অন্যদিকে রাওয়ালপিন্ডিজের সমান ১০ পয়েন্ট নিয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো বর্তমান চ্যাম্পিয়ন লাহোরকে।

আগামীকাল মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে করাচিতে মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড। আর পরদিন লাহোরে এলিমিনেটর ম্যাচে খেলবে মুলতান সুলতানস ও হায়দ্রাবাদ কিংসমান।