ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দরজা খুলল বাংলাদেশের আরেক পেসার শরিফুল ইসলামের জন্য। হাসান মাহমুদের চমৎকার বোলিংয়ের পর এবার তার দল কেন্ট থেকেই ডাকা হলো বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমেরই ৪ ম্যাচের জন্য শরিফুলকে দলে পেতে চায় কেন্ট। শরিফুলের ঘনিষ্ঠ সূত্র এই খবর নিশ্চিত করেছে ।

জানা গেছে, আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন শরিফুল ও কেন্ট। বোর্ডের অনুমতি পেলে হাসানের মতো শরিফুলকেও দেখা যাবে কেন্টের জার্সিতে।

বর্তমানে অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোটের পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন শরিফুল। তবে বেশ ভালোভাবে সেরে উঠেছেন তিনি। এরই মধ্যে ফিটনেস টেস্টও দিয়েছেন বাঁহাতি পেসার। বিসিবির মেডিক্যাল বিভাগের সবুজ সংকেত পেলেই ফিরতে পারবেন মাঠে।

চোটের কারণে শরিফুলকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। তবে দল ঘোষণার সময় জানানো হয়েছে, ফিটনেস প্রমাণের সাপেক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডের বিবেচনায় থাকতে পারেন ২৫ বছর বয়সী পেসার।

তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর কেন্টে খেলার জন্য অনাপত্তিপত্র পেতে পারেন শরিফুল। সেক্ষেত্রে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হবেন তিনি। এর আগে সাকিব আল হাসান ও হাসান মাহমুদ খেলেছেন কাউন্টি ক্রিকেটে।

সেপ্টেম্বরে কাউন্টি খেলার জন্য অনাপত্তিপত্র পেলে একসাথে একাদশে দেখা যেতে পারে শরিফুল ও হাসানকে। এরই মধ্যে আগামী মাসের ৪ ম্যাচের জন্য হাসানের খেলার বিষয়টি নিশ্চিত করেছে কেন্ট কর্তৃপক্ষ।

চলতি মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম দফায় অবশ্য দুটি ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছে হাসানের। দুই ম্যাচের ৪ ইনিংসে তার শিকার মোট ১২ উইকেট। এর মধ্যে এক ইনিংসে ৬৯ রানে ৬ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন এই পেসার।