২০২৫ যেন দু-হাত ভরে দিয়েছে করণবীর সিংকে। বছরজুড়ে যেন উড়েছেন তিনি। গড়েছেন নতুন সব কীর্তি, লিখেছেন ইতিহাস। ক্রিকেটের অখ্যাত ‘অস্ট্রিয়া’ থেকেই বিখ্যাত হয়ে বছরটা শেষ করেছেন তিনি।
ভারতীয় বংশোদ্ভূত এই করণবীর সিং মাত্র ৩২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন চলতি বছর। তাতেই গড়েছেন অবিশ্বাস্য সব রেকর্ড। পেছনে ফেলে দিয়েছেন বাঘা বাঘা সব ব্যাটারদের। চিনিয়েছেন নিজের নামটা।
অস্ট্রিয়ার এই ব্যাটার বদলে দিয়েছেন এক বছরে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড। মোহাম্মদ রিজওয়ানকে ছাপিয়ে গড়েছেন নতুন কীর্তি। বিদায়ী বছর করণবীর ৩২ ইনিংসে করেছন ১ হাজার ৪৮৮ রান।
এর আগে রেকর্ডটি ছিল পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের। ২০২১ সালে ২৯ ইনিংসে ১ হাজার ৩২৬ রান করেছিলেন রিজওয়ান। তিনে আছেন বাহরাইনের ফাইয়াজ আহমেদ, ১ হাজার ২৫১ রান করেছেন তিনি চলতি বছরেই।
শুধু রান নয়, এক বছরে সর্বোচ্চ চার-ছক্কা মারার রেকর্ডও ভেঙেছেন করণবীর। ছক্কার দিকে তো তিনি সবাইকে বহু দূর পেছনে ফেলেছেন। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে হাঁকিয়েছে এক ক্যালেন্ডারে ছক্কার সেঞ্চুরি।
যেখানে এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কাও ফাইয়াজ আহমেদের। বিদায়ী বছরেই এই রেকর্ড গড়েন তিনি, ৪০ ইনিংসে মারেন ৬৯ ছক্কা। তৃতীয় সেরা সূর্যকুমার যাদব। ২০২২ সালে ৬৮টি ছক্কা মেরেছিলেন এই ভারতীয় অধিনায়ক।
বিদায়ী বছর করণবীর দখলে মোট ১২৭টি বাউন্ডারি। এটাও এক বছরে রেকর্ড। যেখানে আগের রেকর্ড ছিল মোহাম্মদ রিজওয়ানের। ২০২১ সালে তার চারের সংখ্যা ছিল ১১৯টি।
সব মিলিয়ে ২০২৫ সালটা যেন ছিল করণবীরের। যদিও তিনি চাইবেন নতুন বছরে পুরনো রেকর্ডগুলোও ভেঙে দিতে। তবে তা সহজ হবে না মোটেও।