পেস বোলিং অলরাউন্ডার চৌধুরি এমডি রিজওয়ানের বোলিং নৈপুণ্যে এবং দুই ব্যাটার শাহাদাত হোসেন ও ইরফান শুক্কুরের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকায় চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল।

লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে (ইউএসএসএ)।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হারলেও, পরের ম্যাচে ইউএসএসএকে বৃষ্টি আইনে ২৬ রানে হারায় বাংলাদেশ। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠল তারা। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আগামী ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রিটোরিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করে ৩৩ দশমিক ৫ ওভারে ১৬৬ রানে অলআউট হয় ইউএসএসএ। দলের হয়ে ডেভিড টিগার ৫৭ বলে ৭২ এবং লুডউইচ শুল্ড ৫১ রান করেন।

বাংলাদেশের রিজওয়ান ৬ দশমিক ৫ ওভার বল করে ৮ রানে ৪ উইকেট নেন। এ ছাড়া রোহানাত দৌল্লা বর্ষন ও আমিনুল ইসলাম ২টি করে উইকেট নেন।

জবাবে ১১ রানে ২ উইকেট এবং ৭৮ রানের তৃতীয় উইকেট পতনের পর মারমুখী ব্যাটিংয়ে ২২তম ওভারেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক শাহাদাত ও শুক্কুর।

১২টি চার ও ১টি ছক্কায় শাহাদাত ৫৬ বলে ৭৩ এবং ৭ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৫৮ রান করেন শুক্কুর।

আগামী ৯ আগস্ট একই ভেন্যুতে লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ।