সামনের সময়গুলোতে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করতে যাচ্ছে বাংলাদেশ। থাকছে বেশ কয়েকটি হাই-প্রোফাইল হোম সিরিজ। সূচি অনুযায়ী বাংলাদেশে আসবে ভারত, ইংল্যান্ডের মতো বিশ্বচ্যাম্পিয়নরা।

এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষেও রয়েছে সিরিজ। এসব সিরিজের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্ব বিক্রির লক্ষ্যে ইতোমধ্যে আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে মিরপুরের বিসিবি কার্যালয়ে আগ্রহী প্রতিষ্ঠানগুলো দরপত্রসংক্রান্ত নথি সংগ্রহ করতে পারছে। আগামী ২২ জুলাইয়ের মাঝে তাদের প্রস্তাব জমা দিতে হবে।

প্রাথমিক সূচি অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা। অন্যদিকে ২০২৭ সালে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ও পাকিস্তান।

ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে, আর পাকিস্তানের বিপক্ষে হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আর চারটি সিরিজের মাঝে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে এই পাকিস্তানকে ঘিরেই।

সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে নতুন আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ওয়ানডেতেও ধরে রাখতে চাইবে শান্ত-লিটনদের দল।

যদিও পরিসংখ্যান এখনো পাকিস্তানের পক্ষেই। দুই দল এখন পর্যন্ত ৪২টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৩৫টিতে জয় পেয়েছে পাকিস্তান, বাংলাদেশের জয় মাত্র ৭টি।

তবে টাইগারদের বেশিরভাগ জয় এসেছে সাম্প্রতিক বছরগুলোতে, যখন দলটি আরো আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। ঘরের মাঠে সেই সাফল্যের ধারা আরো বাড়ানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের।

পাশাপাশি ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজগুলোও ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বাড়তি উত্তেজনা নিয়ে।