বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল। এবারের আসরে দর্শক হয়েই থাকতে হবে টাইগারদের। তবে ফাঁকা সময়টা কাজে লাগাতে নতুন টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। যা মাঠে গড়াচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।

মিরপুরে শুরু হবে অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি নামের এই টুর্নামেন্ট। তিন দলের এই টুর্নামেন্টের মেয়াদকাল ৫ দিন। ৫, ৬ ও ৭ ফ্রেব্রুয়ারি হবে গ্রুপপর্ব। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি।

এদিকে বিশ্বকাপে না খেলায় আর্থিকভাবে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই লোকসান কমাতে অংশগ্রহণ করা ক্রিকেটারদের জন্য থাকছে ভালো পেমেন্টের ব্যবস্থাও। থাকছে মোটা প্রাইজমানি।

জানা গেছে- ক্রিকেটারদের ম্যাচ ফি আর প্রাইজমানি বাবদ এই টুর্নামেন্টের জন্য বিসিবি খরচ করছে ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। যেখানে চ্যাম্পিয়ন দল ১ কোটি ও রানার্সআপ দল পাবে ৪০ লাখ টাকা।

এদিকে প্রতি ম্যাচের জন্য ক্রিকেটাররা ৫০ হাজার টাকা করে পাবেন ম্যাচ ফি হিসেবে। ম্যাচ জিতলে দলগুলো পাবে আরো ১০ লাখ টাকা। ক্রিকেটাররা যেখান থেকে আরো ৫০ হাজার টাকা পাবেন।

অর্থাৎ প্রথম পর্বের দুটি ম্যাচ জিতলে ২ লাখ টাকা করে পাবেন ক্রিকেটাররা। তবে ক্রিকেটারদের মূল আয়টা হবে যদি দল চ্যাম্পিয়ন হয়। প্রাইজমানি থেকে ৫ লাখ টাকা করে পাবেন ক্রিকেটাররা।

চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা অন্তত ৭ লাখ টাকা আয় করতে পারবেন। অন্যদিকে রানার্সআপ দলের ক্রিকেটাররা টুর্নামেন্ট থেকে অন্তত ৪ লাখ টাকা করে পাবেন।

এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ১ লাখ টাকা দেয়া হবে। আর টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারির জন্য থাকবে ৩ লাখ টাকা করে।