এক বছর পর ব্যাটার শিমরন হেটমায়ারকে ফিরিয়ে এনে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।
গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেন হেটমায়ার। এরপর ওয়ানডে দল থেকে বাদ পড়েন তিনি। এসময় পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন সিরিজের দলে ছিলেন না হেটমায়ার।
চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ইনিংস ব্যাট করে দু’টি হাফ-সেঞ্চুরিতে ১৮৬.৪৬ স্ট্রাইক রেট ও ৪১.৩৩ গড়ে ২৪৮ রান করেন হেটমায়ার।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে পরিকল্পনায় রেখে হেটমায়ারকে দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে তারা জানায়, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরমেন্সের কারনে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে হেটমায়ারকে আবারো ৫০ ওভারের ক্রিকেটের দলে যুক্ত করা হয়েছে।’
শ্রীলংকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলবেন না হেটমায়ার। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে দলের সাথে যোগ দেবেন তিনি।
হেটমায়ারের সাথে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরেছেন পেসার আলজারি জোসেফ ও বাঁ-হাতি স্পিনার গুডাকেশ মোতিও।
পিঠের ইনজুরির কারণে প্রায় এক বছর জাতীয় দলের বাইরে ছিলেন জোসেফ। গত বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।
গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন না মোতি। এক সিরিজ পর আবারও দলে সুযোগ পেলেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আলিক আথানেজ, ইয়োহান লেইন, খ্যারি পিয়ের ও রোমারিও শেফার্ড।
আগামীকাল থেকে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত সাবিনা পার্কে ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্টও খেলবে দুই দল। ১১ জুন থেকে টি-টোয়েন্টি এবং ২৫ জুন থেকে টেস্ট সিরিজ শুরু হবে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : শাই হোপ (অধিনায়ক), আকিম অগাস্তে, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, গুডাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, শামার স্প্রিঙ্গার। বাসস