আটকে পড়া মার্কিন নভোচারী সুনি উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর মঙ্গলবার পৃথিবীতে ফিরে আসবেন বলে জানিয়েছে নাসা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা দু’জন মার্কিন নভোচারী মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে গত রোববার সকালে মহাকাশে আটকে পড়াদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের মহাকাশযান। মহাকাশে আটকে পড়া সুনি উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর এবং তাদের সাথে থাকবেন আরেকজন মার্কিন মহাকাশচারী ও রাশিয়ান কসমোনট।

বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি তাদের প্রথম ক্রু যাত্রায় পরীক্ষা করছিল, যা চালনার সমস্যায় পড়ে এবং পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য অযোগ্য বলে বিবেচিত হয়। যার পর থেকে আটকে পড়া এই জুটি জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনি ও বুচ। আট দিন পরেই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু যে নভোযানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে, তাতে সুনির প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হওয়ায় নাসার সিদ্ধান্তে সেটি খালি অবস্থাতেই পৃথিবীতে ফেরানো হয়। তখন মহাকাশে আটকে পড়েন সুনি, বুচ।

সূত্র : এএফপি