বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা ভি-টিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট (এমওএস) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ-২০২৫। দেশের তরুণদের ডিজিটাল দক্ষতাকে বিশ্বমানের পর্যায়ে নিতে এ প্রতিযোগিতার আয়োজন করছে ভি-টিউটর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ।
বুধবার (৭ মে) ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উদ্যোক্তারা।
‘জাতীয় কর্মসূচি তারুণ্যের উৎসব’ ২০২৫-এর অংশ হিসেবে আয়োজিত ভি-টিউটর হলো সার্টিপর্ট এর অনুমোদিত বাংলাদেশের অথরাইজড পার্টনার। যারা বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়নে গ্লোবাল সার্টিফিকেশন প্রোগ্রাম নিয়ে কাজ করছে।
১৩ থেকে ২২ বছর বয়সী বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগী পাবেন আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন এবং শীর্ষ স্কোরকারীরা সুযোগ পাবেন জাতীয় রাউন্ডে প্রতিযোগিতায় অংশ নেয়ার।
এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে নিজেদের দক্ষতা যাচাই ও এমওএস সার্টিফাইড প্রফেশনাল হবার সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী সকলেই সুযোগ পাবেন মাইক্রোসফটের অফিসিয়াল সার্টিফিকেশন অর্জনে। একইসাথে ন্যাশনাল চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো, ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোশতাক জহির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র এমডিপির চেয়ারম্যান ড. রিদওয়ানুল হক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্চিনিয়ারিং-এর ডিন ড. আহমেদ ওয়াসিফ রেজা, আয়োজনের প্রধান স্পন্সর মেঘনা গ্রুপ অব ইনডাস্ট্রিজ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মো: মহিউদ্দিন, প্রোগ্রামের হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লুর সেলস ও মার্কেটিং পরিচালক মো: নজরুল ইসলাম, ভি টিউটরের পক্ষে কো-ফাউন্ডার ও চিফ লার্নিং অফিসার কাজী শামীম এবং কো-ফাউন্ডার ও চিফ অ্যাকাডেমিক অফিসার মুত্তাকি ফারুক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের ১৩ থেকে ২২ বছর বয়সী সকল শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এদিকে ইউনিভার্সিটি রাউন্ড আগামী ১০ মে থেকে ২১ মে, জাতীয় রাউন্ড ২৩ মে এবং গালা রাউন্ড ২৪ মে অনুষ্ঠিত হবে।
ইউনিভার্সিটি রাউন্ডে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে আইইউবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
এদিকে জাতীয় পর্যায়ে মোট পুরস্কার মূল্য যুক্তরাষ্ট্র সফরসহ ২০ লাখ টাকা থাকবে। এছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরস্কার থাকবে প্রথম স্থানের জন্য আট হাজার ডলার, দ্বিতীয় স্থানে চার হাজার ডলার ও তৃতীয় স্থান অর্জনকারীর জন্য দুই হাজার ডলার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশের তরুণদের আমরা এমন একটি প্ল্যাটফরম দিতে চাই, যেখানে তারা আন্তর্জাতিক মানের দক্ষতা ও সার্টিফিকেশন অর্জন করে বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে পারে। এ চ্যাম্পিয়নশিপ শুধু একটি প্রতিযোগিতা নয়- এটি একটি সচেতনতামূলক আন্দোলন। এটি একটি জাতীয় উদ্যোগ, যার লক্ষ্য ভবিষ্যৎ কর্মসংস্থান ও উচ্চশিক্ষার জন্য তরুণদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিজিটাল দক্ষতায় প্রস্তুত ও সার্টিফাইড করা। একইসাথে বাংলাদেশের তরুণ সমাজকে গ্লোবাল আইটি প্রতিযোগিতায় নেতৃত্ব দেয়ার পথে এগিয়ে নেয়া।
উল্লেখ্য, অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু এবং সিলভার স্পন্সর কিউট ও মুন্নু সিরামিক।
এদিকে রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। রেজিস্ট্রেশন লিংক- www.vTutor.org.। রেজিস্ট্রেশনে একটি ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর প্রয়োজন হবে। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ।