গত নয় মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকা পড়েছিলেন সুনীতা উইলিয়ামসরা। এখন ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান চারজন মহাকাশচারীকে নিয়ে আইএসএসে পৌঁছে গেছে। মার্কিন মহাকাশ কেন্দ্র নাসা জানিয়েছে, ফ্লোরিডা উপকূলে স্থানীয় সময় ৫টা ৫৭ মিনিটে তারা নামবেন। বাংলাদেশ সময়ে সেটা হবে বুধবার ভোররাত ৪টা।
সোমবার থেকেই অবতরণের প্রক্রিয়া শুরু হবে। তা নাসা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। প্রথমে মহাকাশযানে সুনীতারা প্রবেশ করার পর মহাকাশযানের দরজা বন্ধ হবে। এরপর মহাকাশযানটি আইএসএস থেকে সরে আসবে। এই পুরো প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে। তারপর অবতরণপর্ব শুরু হবে।
কেন দেরি হলো?
গতবছর জুন মাসে সুনীতা ও বুচ আট দিনের জন্য মহাকাশে যান। কিন্তু তাদের মহাকাশযান বোয়িং স্টারলাইনারে ত্রুটি দেখা দেয়। তারা আটকা পড়েন। নয় মাস ধরে তারা আইএসএসে ছিলেন। মহাকাশ থেকে তারা সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেছেন।
কিন্তু তাদের পৃথিবীতে ফেরা বারবার পিছিয়ে গেছে। তারপর স্পেস এক্সের মহাকাশযানে করে মহাকাশচারী অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ আইএসএস পৌঁছেছেন। সেখানকার দায়িত্ব বুঝিয়ে দিয়ে সুনীতা এবং বুচ ফিরছেন। নিক হেগ এবং আলেকজান্ডার গর্বুনভও তাদের সাথে ফিরবেন।
ইলন মাস্কের পোস্ট
এক্স হ্যান্ডেলে ইলন মাস্ক একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, সুনীতা এবং বুচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ককে ধন্যবাদ জানাচ্ছেন। ২৫ সেকেন্ডের ভিডিওতে সুনীতাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমাদের ফিরে আসার খুব বেশি দেরি নেই। তাই আমাদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা করো না।’
কত অর্থ পাবেন সুনীতা ও বুচ?
নয় মাসের জন্য সুনীতা ও বুচ ৯৩ হাজার ৮৫০ থেকে এক লাখ ২২ হাজার চার ডলার পাবেন। এছাড়া এক হাজার ১৪৮ ডলার ইনসিডেন্টাল পে পাবেন।
সুনীতা ও বুচ দুজনেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্মীদের মধ্যে সর্বোচ্চ হারে বেতন পান।
সূত্র : ডয়চে ভেলে