দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত মসজিদে সিরাতুল মুস্তাকিম আনসানে বাংলাদেশী আলেম মুফতি ফয়জুল্লাহ আমানের কাছে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন ২০ বছর বয়সী এক কাজাখ তরুণী।

স্থানীয় সময় রোববার (২২ জুন) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিনি ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করেন বলে মুফতি ফয়জুল্লাহ আমান নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন। মুফতি আমান মসজিদে সিরাতুল মুস্তাকিম আনসানের ইমাম ও খতিব।

আর নওমুসলিমা ওই তরুণীর নাম ডিয়ানা। ইসলামে প্রবেশের পর তিনি নিজের জন্য ‘লায়লা’ নামটি গ্রহণ করেছেন।

একজন রুশ মুসলিম যুবককে বিবাহ করার চিন্তা থেকে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হন লায়লা। পরে ইসলাম সম্পর্কে ব্যাপক খোঁজখবর নেন এবং তার কাছে শ্বাশত এ ধর্মকে সত্য মনে হয়। এ প্রসঙ্গে মুফতি ফয়জুল্লাহ আমান জানান, ইসলামকে সত্য মনে হওয়ার পর ওই তরুণী মসজিদে সিরাতুল মুস্তাকিম আনসানে আসেন এবং আমার কাছে কালিমা পাঠ করে ইসলামে প্রবেশ করেন।

এ সময় তাকে মসজিদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এবং তার সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করা হয়। মসজিদটির ইমাম বিশ্ববাসীর কাছেও নওমুসলিমা লায়লার জন্য কল্যাণ, হেদায়েত, সাফল্য ও বরকতের দোয়া চেয়েছেন।