ঈদের চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ রোজা রাখার পর পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। তবে এর আগেই নতুন চাঁদের জন্ম কবে হতে পারে এ বিষয়ে চাঁদের স্থানাঙ্ক জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, আগামী ২৯ মার্চ অমাবস্যা শেষ হয়ে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে চাঁদের বয়স হবে ০ দশমিক ০৫২১ দিন।
চাঁদের স্থানাংক বিবরণীতে আরো বলা হয়েছে, ৩০ মার্চ সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ১ দশমিক ০৫২৪ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪৩ দশমিক ৪ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে। ওইদিন রাত ১টা ১৯ মিনিটে বিএসটিতে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। আর ৩১ মার্চ সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ২ দশমিক ০৫২৮ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ৫১ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে।
এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে ৩১ মার্চ (সোমবার)। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ১ এপ্রিল (মঙ্গলবার)।
আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমানের সই করা শাওয়ালের চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্যমতে, ৩০ মার্চ শাওয়ালের চাঁদের বয়স থাকবে প্রায় দেড়দিন। সে কারণে বাংলাদেশের আকাশে খালি চোখেই চাঁদের দেখা মিলতে পারে।