আজ ট্রাম্পের সাথে বৈঠকের পরিকল্পনা জেলেনস্কির
Printed Edition
রয়টার্স
রাশিয়ার আগ্রাসনের অবসান ঘটাতে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলার মধ্যে আজ রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসার পরিকল্পনার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনা হবে মূলত ২০ দফা শান্তি পরিকল্পনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়গুলোর ভিন্ন ভিন্ন প্রস্তাব নিয়ে।
শুক্রবার জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ‘২০ দফা শান্তি পরিকল্পনা ৯০ শতাংশ চূড়ান্ত হয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে সবকিছু ১০০ ভাগ প্রস্তুত, সেটি নিশ্চিত করা।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আমরা একটি দিনও নষ্ট করছি না। আমরা সর্বোচ্চ পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে শিগগিরই বৈঠক করতে রাজি হয়েছি। নতুন বছর আসার আগেই অনেক কিছু নির্ধারিত হয়ে যেতে পারে।’
এ বছর ট্রাম্পের সাথে কয়েকবারই জেলেনস্কির বৈঠক হয়েছে। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে ট্রাম্পের সাথে প্রথম বৈঠকটি তীব্র বাগি¦তণ্ডায়ায় ভেস্তে যায়। তবে অতিসম্প্রতি অক্টোবরে ট্রাম্পের সাথে জেলেনস্কির বৈঠকটি অনেকটাই সৌহার্দ্যপূর্ণ ছিল। এবার ট্রাম্পের সাথে রোববার জেলেনস্কির বৈঠকের বিষয়টি নির্ধারিত হওয়ার খবর এলো ট্রাম্পের প্রধান আলোচক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা কুশনারের সাথে জেলেনস্কির দীর্ঘ এক ঘণ্টার ফোনালাপের পর। এই সংলাপে ‘নতুন কিছু ধারণা’ উঠে এসেছে, যা সত্যিকারের শান্তির কাছাকাছি যেতে সহায়ক হতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি।