বিধবার ৩টি গরু ২৭ দিনেও ফেরত দেয়নি বিএসএফ

Printed Edition

ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা

ফেনীর পরশুরাম সীমান্তে বাংলাদেশের এক অসহায় বিধবার তিনটি গরু ভারতে চলে যাওয়ার ২৭ দিন পেরিয়ে গেলেও তা ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে পরিবারটির জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে মানবেতর পরিস্থিতিতে পড়েছেন নুরের নেছা (৬০)।

জানা যায়, উপজেলার মির্জানগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের নুরের নেছার স্বামী বহু বছর আগে মারা যান। তার প্রতিবন্ধী সন্তানদের নিয়ে গাভী ও বাছুর লালন-পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। গত ২২ এপ্রিল তার ছেলে নজরুল ইসলাম গরুগুলোকে সীমান্তসংলগ্ন মাঠে ঘাস খাওয়াতে নিয়ে গেলে কাঁটাতারের একটি ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে সেগুলো ভারতের ভেতরে ঢুকে পড়ে।

পরবর্তীতে স্থানীয় সূত্রে জানা যায়, গরুগুলো ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া এলাকার রাজনগর থানায় রয়েছে। বিষয়টি জানার পর স্থানীয়রা বিজিবিকে অবহিত করলে গরু ফেরাতে একাধিকবার যোগাযোগ করা হলেও এখনো সেগুলো ফেরত মেলেনি।

এ দিকে একই সীমান্ত এলাকা থেকে আরেক কৃষকের একটি গরুও বিএসএফ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।