বিনাটিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৬ হাজার যাত্রীকে জরিমানা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

এক দিনে ১৫৪টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ছয় হাজার ৮০ যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ ১৩ লাখ ৭৫ হাজার ১৩৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে।

গতকাল শনিবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে ৯১ জন টিটিই কাজ করেছেন। তারা ৭১টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন দুই হাজার ২৮০ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে তিন লাখ ৬৪ হাজার ২৭৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৭২ হাজার ৩৭০ টাকা। সবমিলিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের আয় দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৬ হাজার ৬৪৫ টাকা। এ ছাড়া এদিন দুই হাজার ৪০৮টি টিকিট যাচাই করা হয়।

এ দিকে পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে ৯০ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন তিন হাজার ৮০০ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ছয় লাখ ১৫ হাজার ৯৫৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে দুই লাখ ২২ হাজার ৫৩৫ টাকা। সবমিলিয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের আয় দাঁড়িয়েছে আট লাখ ৩৮ হাজার ৪৯০ টাকা।